
কারা এই ৪৯তম দল? এই ‘৪৯তম দল’ আসলে বিশ্বকাপের কোনো অতিরিক্ত প্রতিযোগী দেশ নয়। ‘দ্য ফোর্টি নাইনথ টিম’ হলো কিয়া-র অফিসিয়াল বিশ্বকাপ ক্যাম্পেইনের নাম। এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব মঞ্চের কিছু অদৃশ্য নায়কদের তুলে ধরা হবে। এই ক্যাম্পেইনে মূলত ‘অফিশিয়াল ম্যাচ বল ক্যারিয়ারসদের’ গল্প তুলে ধরা হয়েছে।
সেইসব উৎসাহী তরুণ-তরুণী, যারা প্রতি ম্যাচের আগে মাঠে বিশ্বকাপের বল বহন করে নিয়ে আসে। ৫ ডিসেম্বর অফিসিয়াল বিশ্বকাপ ড্র-এর কাছাকাছি সময়ে প্রকাশিত এই প্রচারণার মূল লক্ষ্যই হলো, যারা নীরবে উত্তর আমেরিকায় ফুটবল উৎসবকে সফল করতে ভূমিকা রাখবে, সেই সকল ‘অদৃশ্য নায়কদের’ সম্মান জানানো।
আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে বসতে চলেছে ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপ। কিন্তু ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরির একটি নতুন টিজার ভিডিও ফুটবল বিশ্বে নতুন জল্পনা সৃষ্টি করেছে, বিশ্বকাপ কি তবে ৪৯ দলের হতে চলেছে?
সম্প্রতি কিয়া-র প্রচারণামূলক একটি ভিডিওতে দেখা যায়, ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই তারকা সুট-বুটে সেজে নিখুঁতভাবে বিশ্বকাপের ড্র পরিচালনা করছেন। ভেলভেট ব্যাগের ভেতর থেকে একের পর এক উঠে আসছে ফুটবল বিশ্বের বড় বড় দলগুলোর নাম—ইংল্যান্ড, স্পেন, ব্রাজিল, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এমনকি আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোও।
ড্রয়ের পরিবেশ ছিল হুবহু আসল বিশ্বকাপ ড্রয়ের মতোই। সবচেয়ে বড় চমকটি আসে ড্রয়ের শেষে। যখন মনে হচ্ছিল সব দেশের নাম তোলা হয়ে গেছে, তখনও অঁরির হাতে ছিল একটি বাড়তি বল। নাটকীয় ভঙ্গিতে সেই বল খুলে নিজের বিখ্যাত ভ্রু-তোলা এক্সপ্রেশন দিয়ে তিনি ঘোষণা করেন- ‘দ্য ফোর্টি নাইনথ টিম’।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :