Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৯, ২০২৫ , ১:৩৫ অপরাহ্ণ

রায়পুরের র‌্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

লেখকঃ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে র‌্যালি, আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কর্মসূচিগুলো পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তারেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

প্রধান বক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার তাঁর বক্তব্যে বলেন, “দুর্নীতি প্রতিরোধে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুর্নীতির বিরুদ্ধে তরুণরাই এগিয়ে আসবে—এই প্রত্যাশা আমাদের। তরুণরা সক্রিয়ভাবে না এগোলে সমাজ থেকে দুর্নীতির শেকড় টেনে ধরা সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরে সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে।”

অন্য বক্তারা বলেন, “দুর্নীতি একটি জাতির অগ্রযাত্রার প্রধান বাধা। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সামাজিক সচেতনতা বাড়ালে দুর্নীতি রোধ করা সম্ভব।”

আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করেন।

আজকালের কন্ঠ /এম /জুয়েল

প্রিন্ট করুন