Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৮, ২০২৫ , ৮:৩৪ অপরাহ্ণ

দেবিদ্বারে এক প্রসূতীর মৃত্যুকে কেন্দ্র করে ‘আল মদিনা হাসপাতাল ও ট্রমা সেন্টারে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লা দেবিদ্বারে এক প্রসূতীর মৃত্যুকে কেন্দ্র করে ‘আল মদিনা হাসপাতাল ও ট্রমা সেন্টারে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, এতে মোট ৪৪ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) দেবিদ্বার ‘মা’-মনি হাসপাতালের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন আল মদিনার কো-চেয়ারম্যান মো. সুলতান আহাম্মদ মুন্সী। সভায় দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি মো. তাজুল ইসলামসহ বিভিন্ন হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, ৪ ডিসেম্বর রাতে লিজা আক্তার নামে এক মুমূর্ষু প্রসূতীকে আল মদিনায় আনা হয়। ডেলিভারির পর তার অবস্থা দ্রুত অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর রোগীর স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর উত্তেজনার সুযোগে বহিরাগত কিছু ব্যক্তি রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে হামলা চালায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামলাকারীরা বিভিন্ন কক্ষ, থাই গ্লাস, দরজা-জানালা, লোহার গেট ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি করে। এছাড়া ক্যাশ কাউন্টার ভেঙে ৩ লাখ ৯৫ হাজার ৩৪৯ টাকা লুট এবং ল্যাপটপ, কম্পিউটার, থ্রিডি আলট্রাসনোগ্রাম মেশিন, এক্সরে মেশিন, প্যাথলজি সরঞ্জামসহ ৪ লাখ ৬০ হাজার ১৪৯ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীদেরও মারধর করা হয়।

হামলার সময় ৯৯৯–এ কল করলে দেবিদ্বার থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে থানায় মামলা করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত হামলাকারীদের শনাক্ত ও লুট করা টাকা ও মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

আজকালের কন্ঠ/আর এস/এস

প্রিন্ট করুন