নির্বাচনের আগে অবৈধ ডিভাইসকেন্দ্রিক অপরাধচক্র দমন, সুলভ দামে মোবাইল সরবরাহ, অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণ এবং সরকারের রাজস্ব বৃদ্ধি-এ সব লক্ষ্য নিয়েই ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালুর সিদ্ধান্তে অনড় সরকার।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, দেশে ৭৩ শতাংশ ডিজিটাল প্রতারণায় ব্যবহৃত হয় অবৈধ স্মার্টফোন। এই অপরাধচক্র বন্ধ করতেই সরকার কঠোর হতে যাচ্ছে। তার দাবি, মোবাইল ফোন চোরাচালানের সঙ্গে জড়িত একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে আঘাত লাগায় সরকারের উদ্যোগে বাধা সৃষ্টি করা হচ্ছে।
সরকারের আইসিটি বিভাগ জানিয়েছে, এনইআইআর চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে থাকা সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। পরে বিদেশ থেকে কেউ ফোন নিয়ে এলে সুযোগ থাকবে অনলাইনে নিবন্ধনের।
অন্যদিকে অনিবন্ধিত ফোন আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা । ক্রেতাদের অভিযোগ, প্রচলিত শুল্ক ও ভ্যাটের কারণে অফিসিয়াল ফোন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাদের দাবি, ২০ হাজার টাকার একটি ফোনে ৫৭ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে দাম হয়ে যাবে ৫০ হাজারেরও বেশি-যা ছাত্র-যুবকদের বাজেটের বাইরে।এমন উদ্যোগকে সামনে রেখে অনিবন্ধিত ডিভাইসের দাম বাড়ার আশঙ্কায় পছন্দের ফোন কিনতে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে।
আজকালের কন্ঠ/আর এস