ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অধীনস্থ ৩ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সোহেল রানা টানা পঞ্চমবারের মতো বিশেষ সম্মাননা অর্জন করেছেন। নিষ্ঠা, পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং অপরাধ দমনসহ সার্বিক কার্যক্রমে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবারও তাকে সম্মাননা প্রদান করেন ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই এসআই সোহেল রানা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি সর্বদা মাঠপর্যায়ে সক্রিয় থেকে দ্রুত সাড়া প্রদান, অপরাধীদের গ্রেফতার, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনসাধারণের সঙ্গে মানবিক ও জনবান্ধব আচরণের মাধ্যমে সবার আস্থা অর্জন করেছেন। তার কর্মতৎপরতা ও সততার কারণে কোতোয়ালি মডেল থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় এসআই সোহেল রানা বলেন, “জেলা পুলিশ সুপার স্যার আমাকে যে সম্মাননা দিয়েছেন, তা আমার জন্য গর্বের। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করবে। জনগণের সেবা, নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষা—এই তিনটি ক্ষেত্রেই সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চাই।”
স্থানীয় পুলিশ প্রশাসনসহ সাধারণ মানুষের মতে, এসআই সোহেল রানার ধারাবাহিক এই অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের ইতিবাচক কাজের প্রতিফলন। তার নিষ্ঠাবান কাজ তরুণ পুলিশ সদস্যদের জন্যও উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করছে।
চলমান অপরাধ দমন কার্যক্রমে এ ধরনের স্বীকৃতি পুলিশ বাহিনীর সদস্যদের আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজকালের কন্ঠ/আর এস/জে