লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকায় একটি কবরস্থান থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার সংলগ্ন ওই কবরস্থানে অভিযান চালিয়ে একটি রাইফেল, একটি এলজি ও মোট ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কবরস্থানে অস্ত্র মজুত আছে—এমন তথ্য পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় থাকা অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চন্দ্রগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ছয়টি অস্ত্র উদ্ধার করি। নিরাপত্তার জন্য এগুলো থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
অস্ত্র উদ্ধারের খবর স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। কয়েকজন বাসিন্দা জানান, “এলাকায় আগে থেকেই নানারকম আতঙ্ক বিরাজ করে। তার ওপর আবার কবরস্থান থেকে অস্ত্র উদ্ধার—এতে আমরা আরও বেশি ভয় পাচ্ছি।”
তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর এস/জে