Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৭, ২০২৫ , ৩:১৭ অপরাহ্ণ

লোহাগড়ায় পুকুরপাড় থেকে কিশোরের লাশ উদ্ধার, আটক ৩

লেখকঃ নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় তাজিম মোল্যা (১৩) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তাজিম লোহাগড়ার চর আড়িয়ারা গ্রামের শহিদুল মোল্যার ছেলে।পরিবার সূত্রে জানা যায়, তাজিম শনিবার সন্ধ্যায় গ্রামের মধ্যে কেরাম খেলছিল। পরবর্তীতে রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসে নাই। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে চর আড়িয়ারা গ্রামের (দক্ষিণপাড়া) মো. হাবিবার মৃধার বাড়ির পুকুরের দক্ষিনপাড়ের ঢাল থেকে তাজিমের মরদেহ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশী মহিলা। তিনি সাথে সাথে বিষয়টি তার পরিবারকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যেয়ে তাজিমের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের ধারণা তাজিমকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তারা।ঘটনার সাথে জড়িত সন্দেহে লোহাগড়া থানা পুলিশ চর আড়িয়ারা গ্রামের ইনজামুল শেখ (১৪), ইব্রাহিম শেখ (১৬) ও শিপন শেখ (১৮) কে আটক করেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর এস/ইম

প্রিন্ট করুন