Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৭, ২০২৫ , ১২:৫৫ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে ইসির বৈঠক

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইসির এই সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে এতে উপস্থিত আছেন অন্য চার কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।

আজকের বৈঠকের পরই যেকোনোদিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পাশাপাশি, নির্বাচন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রশাসনিক বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও জানা গেছে। বৈঠকে তফসিল পূর্ব ও তফসিল উত্তর সময়ে কমিশনের করণীয় কার্যক্রমসমূহ নিয়ে আলোচনা হবে। এ ছাড়া মাঠপর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয় এবং রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত বিষয়াবলি নিয়েও থাকছে বৈঠকের এজেন্ডায়।

জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন পদ্ধতি পর্যালোচনা ও এ বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) নির্ধারণ করা হতে পারে আজকের বৈঠকে। পাশাপাশি স্মার্ট কার্ড ও অর্থ সংক্রান্ত বিষয়েও আলোচনা করবেন নির্বাচন কমিশনাররা। এক্ষেত্রে পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন বিএমটিএফ হতে আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পে হস্তান্তর/গ্রহণ কার্যক্রম সম্পন্নকরণ এবং বিএমটিএফ-এর স্থগিতকৃত বকেয়া বিল পরিশোধের বিষয়টিও থাকছে এজেন্ডায়।

২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত চুক্তির অধীনে ২ কোটি ৩১ লক্ষ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ পরিশোধিত বিল এবং অতিরিক্ত ১৪ লক্ষ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ বিএমটিএফ কর্তৃক দাবিকৃত বকেয়া বিল পরিশোধ সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন