ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মমেক) পরিদর্শনে গিয়ে সেবা কার্যক্রমের দুরবস্থা ও ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু জাফর। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে তিনি জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড হঠাৎ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ক্যাজুয়ালিটি বিভাগে গিয়ে ডিজি হাসপাতালের সেবার মান, রোগী ব্যবস্থাপনা ও জনবল ব্যবহারের বিষয়ে নানা অসঙ্গতির খোঁজ পান বলে জানা গেছে। এ সময় ওই বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মন গভীর হতাশা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে বিভাগটি ভয়াবহ জনবল সংকটে চলছে। সীমিত জনবল দিয়ে বিপুল সংখ্যক রোগী সামাল দিতে গিয়ে চিকিৎসকদের চরম চাপের মুখে কাজ করতে হয়।
তিনি আরও অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে উর্ধ্বতন কর্মকর্তাদের অসহযোগিতা ও আচরণগত সমস্যার কারণে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। এসব বক্তব্য শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন ডিজি আবু জাফর। এক পর্যায়ে দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময় শুরু হয়, যা পরিস্থিতিকে এক ধরনের অস্বস্তিকর পরিবেশে ফেলে দেয়।
নির্ভরযোগ্য সূত্র জানায়, তর্কাতর্কি তীব্র আকার ধারণ করলে ডিজি ক্ষোভ প্রকাশ করে ক্যাজুয়ালিটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন। বিষয়টি হাসপাতালজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
হাসপাতালের চিকিৎসক-কর্মচারীদের একাংশ মনে করছেন, সমস্যার মূল কারণ কাঠামোগত সংকট ও দীর্ঘদিনের জনবল ঘাটতি—যা সমাধানে সমন্বয় জরুরি। অন্যদিকে অনেকে মনে করছেন, ঘটনাটি সেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ বিষয়ে মমেক প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্বাস্থ্যসেবা নিয়ে দীর্ঘদিনের জনভোগান্তি নিরসনে এই পরিদর্শন ও ঘটনাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজকালের কন্ঠ/আর এস/জে