পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বাউফল পৌর শহরের গোলাবাড়ি এলাকায় দলীয় নেতাকর্মীদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ, বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পুরো আয়োজন পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. মিজানুর রহমান লিটু।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান জলিল, বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সায়মুল আহমেদ লেলিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. তারা মিয়া, সদস্য সচিব মো. সোহেল আকনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্য দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের কোটি মানুষের আন্তরিক দোয়া তাঁর সুস্থতার পেছনে রয়েছে।
শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি–সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আজকালের কন্ঠ/আর এস/এএ