জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পাঠ বৈঠক “জ্ঞান বিনিময়ের অনন্য উৎসব” এর বর্ষপূর্তি উৎযাপন ও প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে
৫ ডিসেম্বর ,২০২৫ (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের চারুদ্বীপে কেক কাটার মাধ্যমে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয় এবং এ সময় আনুষ্ঠানিক ভাবে চারুকলা বিভাগের ২০১৮-২০১৯ ব্যাচের শিক্ষার্থী শিমুল মল্লিক সিয়াম কে সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২০২২ ব্যাচের শিক্ষার্থী মো: রাবিব মিয়াকে সাধারন সম্পাদক করে প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন , সালাউদ্দিন সৌখিন (সহ সভাপতি), প্রেমাশীষ বসু (দপ্তর সম্পাদক) ,সাব্বির হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), মোস্তফা কামাল (সাংগঠনিক সম্পাদক), শাহরিয়ার জামান খান লেলিন (সাংস্কৃতিক সম্পাদক)
“পাঠ বৈঠক”-এর সভাপতি শিমুল মল্লিক বলেন, “পাঠ বৈঠকের বর্ষপূর্তি ও প্রথম কমিটি ঘোষণার এই বিশেষ দিনটি আমাদের সম্মিলিত প্রয়াসের এক গভীর তাৎপর্যময় মুহূর্ত। সূচনালগ্ন থেকে আমরা যে চিন্তা-মননের পরিবেশ নির্মাণ করেছি, আজ তা আরও সুসংহত কাঠামোয় রূপ নিচ্ছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম ধারাবাহিকতা ও পরিসর উভয় দিকেই নতুন মাত্রা পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পাঠ বৈঠক এমন একটি ক্ষেত্র, যেখানে প্রত্যেকে স্বাধীনভাবে ভাবতে, শুনতে ও শিখতে পারে এই মুক্ত বৌদ্ধিক আবহই আমাদের মূল শক্তি। সদস্যদের পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণের ওপর ভিত্তি করেই আমরা সামনে এগোতে চাই। বর্ষপূর্তির এই উপলক্ষ আমাদেরকে আরও পরিপক্ব, সৃজনশীল ও সংহত পথচলার অনুপ্রেরণা দিক এই প্রত্যাশা রাখি।”
সাধারণ সম্পাদক রাবিব মিয়া বলেন ,
“পাঠ বৈঠকের বর্ষপূর্তি ও প্রথম কমিটি ঘোষণার এই মুহূর্ত আমাদের সমষ্টিগত যাত্রার এক আবেগঘন মাইলফলক। জ্ঞান, পাঠ এবং মুক্ত আলোচনার যে উন্মুক্ত পরিসর আমরা গড়ে তুলেছি, তা আজ নতুন পথে পা বাড়াচ্ছে। সাধারণ সম্পাদক হিসেবে আমি বিশ্বাসের এই দায়িত্বকে সম্মান ও দায়বদ্ধতার সঙ্গে ধারণ করতে চাই।
উল্লেখ্য যে , “পাঠ বৈঠক” হলো একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও চিন্তাশীল পরিবেশ নির্মাণ ,ভাবনা, পাঠ এবং সংলাপের শক্তিতে পরিণত একটি সমাজের ভিত্তি। যা সকল সদস্যদের সহযোগিতায় “পাঠ বৈঠক”- কে আরও সৃজনশীল, গবেষণামুখী ও সংস্কৃতি-সমৃদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।