আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ ( নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া) ৯৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে নড়াইল – ২ আসনে মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন।
এ আসনে মো. মনিরুল ইসলাম ছাড়াও অনেকে নমিনেশন পাওয়ার আশায় নির্বাচনি প্রচারণা চালান। এর মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির বর্তমান নির্বাচিত সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম জাকারিয়া মাহমুদ, লন্ডন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন মোল্যা এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদ।
এর আগে গত (৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করেন। সেই সময় তিনি জানিয়েছিলেন নড়াইল-২ আসনের মনোনয় হোল্ড রাখা হয়েছে পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।