চারণ কবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কবি বিজয় সরকারের ৪০ তম মৃত্যু বার্ষিকী। ১৯৮৫ সালের এই দিনে তিনি মৃত্যু বরণ করেন। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিজয়গীতি প্রতিযোগিতা,আবৃত্তি, উন্মুক্ত বিজয়গীতি পরিবেশন, কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও বিজয়গীতির আসরসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কবিয়াল বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। বিজয় সরকার নবমশ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন, মতান্তরে মেট্রিক পর্যন্ত। তার দুই স্ত্রী বীণাপানি ও প্রমোদা অধিকারীর কেউ বেঁচে নেই। বার্ধ্যকজনিত কারণে বরেণ্য এই কবি ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর পরলোকগমন করেন।
বিজয় সরকার একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। ১৮০০ বেশি গান লিখেছেন তিনি। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। ‘পাগল বিজয়’ হিসেবে সমধিক পরিচিত তিনি। শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ মরণোত্তর একুশে পদকে ভূষিত হন বিজয় সরকার।