তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। বৃহস্পতিবার থেকে তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন। এতে উপজেলায় চলমান বার্ষিক পরীক্ষা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন।
শিক্ষকরা জানান, ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে তিন দফা দাবি আদায়ের আন্দোলন চলছে। রায়পুরেও সেই কর্মসূচির অংশ হিসেবে আজকের এই বিক্ষোভ–সমাবেশ আয়োজন করা হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন প্রধান শিক্ষক জাকির হোসেন টিটু, নুর আলম, মুজাহিদুল ইসলাম, আবু সুফিয়ান, শামচুল আলম, মুজাফ্ফর হোসেন, মোবারক হোসেন রোমান, বিলকিস আক্তার, মো. নাজিম উদ্দিন, ফাতেমাতুজ্জান্নাত, নুর নাহার, কামরুল হাসান, ফরহাদ ও আবদুল হান্নানসহ আরও অনেকে।
এদিকে সহকারী শিক্ষকদের একটি অংশ কর্মবিরতি পালন করলেও প্রধান শিক্ষক ও অভিভাবকরা মিলে পরীক্ষা নেওয়ায় সাধারণ অভিভাবকদের মনে কিছুটা স্বস্তি এসেছে। তবে বৃহস্পতিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ শুরু হলে পরীক্ষার কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।