কুমিল্লার আলোচিত নানুয়ার দীঘির পাড়ের ঘটনার সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিন বছর ধরে আইনি জটিলতায় থাকা এশিয়ান টিভির সাংবাদিক সাজ্জাদ হোসেন শিমুল ও তার ভাই ফয়সাল মুবিন পলাশ অবশেষে সম্পূর্ণ খালাস পেয়েছেন। তারা মুরাদনগরের বাঙ্গরা গ্রামের বাসিন্দা ও সাবেক সেনা কর্মকর্তা নজরুল ইসলামের সন্তান।
২০২১ সালে নানুয়ার দীঘির পাড়ের পূজামণ্ডপে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের ঘটনায় সংবাদ প্রকাশের পর সিআইডি তাদের বিরুদ্ধে মামলা করে। দীর্ঘ ১১ মাস কারাবাস শেষে তারা জামিনে মুক্তি পেলেও মামলা চলছিল প্রায় তিন বছর।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর গেজেট অনুযায়ী ধারা ৫০(৪ক) অনুসারে প্রসিডিংস ড্রপের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এতে পাঁচ বছরের ভোগান্তির অবসান ঘটে।খালাসের পর সাংবাদিক শিমুল বলেন, “সত্যের পথে থাকার কারণে দীর্ঘদিন অন্যায়ভাবে ভুগেছি। আজ ন্যায়বিচার পেয়েছি।”তার ভাই পলাশ বলেন, “এই মামলা আমাদের জীবনে কঠিন সময় এনেছিল। সত্য প্রতিষ্ঠিত হয়েছে।”
মামলার আইনজীবী এডভোকেট আরিফুর রহমান বলেন, “গেজেট অনুযায়ী আবেদন করায় আদালত দুই সাংবাদিককে সম্পূর্ণ খালাস দিয়েছেন।”উল্লেখ্য, একই মামলার অপর আসামি মোহাম্মদ ইকবাল হোসেন (গদা ইকবাল) বিনা ফি-তে আইন সহায়তা পেয়ে খালাসপ্রাপ্ত হয়েছেন।
আজকালের কন্ঠ/আর এস/এস