লক্ষ্মীপুরের রায়পুরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রবিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং ব্র্যাকের সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হয়।
অভিযানে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, ডেঙ্গুর লক্ষণ-লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, এবং মশার সম্ভাব্য প্রজননস্থল খুঁজে তা ধ্বংস করার কার্যক্রম পরিচালনা করা হয়।
কার্যক্রমে অংশ নেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, ব্র্যাকের উর্ধ্বতন কর্মকর্তারা, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
তারা এলাকাবাসীর বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি সরিয়ে ফেলা, পানি জমতে পারে এমন টব, ড্রাম, টায়ার, ভাঙা পাত্রসহ যেকোনো জায়গা নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান।
অভিযানে অংশগ্রহণকারীরা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপের পাশাপাশি জনগণের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি। নিজস্ব পরিবেশ পরিষ্কার রাখলেই ডেঙ্গুর ঝুঁকি অনেক কমিয়ে আনা সম্ভব।
অভিযানের শেষে অংশগ্রহণকারীরা ব্যানার প্রদর্শন করে জনসচেতনতা বার্তা ছড়িয়ে দেন এবং বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।