শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি খেজুর, ১ কেজি রসুন, ২ কেজি ডাল, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা এবং নিত্যপ্রয়োজনীয় মসলা।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, আয়োজক সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। অনিন্দিতা রাণী ভৌমিক বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, এটি একটি মানবিক কর্তব্য। দোস্ত এইডের এ কার্যক্রম প্রমাণ করে আন্তরিক ইচ্ছা থাকলে সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব।”
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার হেড অব একাউন্টস ও এডমিন কহিনুর আলম চৌধুরী। বক্তব্য দেন প্রজেক্ট ম্যানেজার মো. আব্দুল কায়েস, পাবলিক রিলেশন কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম পরাগ, ঝিনাইগাতী উপজেলার প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ।
কহিনুর আলম চৌধুরী বলেন, “আমরা সাময়িক সাহায্যের বাইরে দীর্ঘমেয়াদি সমাধানে বিশ্বাস করি। শিক্ষা, স্বাস্থ্য, টেকসই জীবিকা, বিশুদ্ধ পানি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছি। ইতোমধ্যে রিকশা বিতরণ, শীতবস্ত্র প্রদান, ছানি অপারেশন, হুইলচেয়ার বিতরণসহ অসংখ্য প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যতেও দরিদ্র মানুষের জীবনে টেকসই পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংস্থাটি শিক্ষাবৃত্তি, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা, দারিদ্র বিমোচন, প্রতিবন্ধী পুনর্বাসন, জরুরি ত্রাণ সহায়তা, গৃহ ও মসজিদ নির্মাণসহ নানামুখী প্রকল্প বাস্তবায়ন করে আসছে।