Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৭, ২০২৫ , ৮:৩০ অপরাহ্ণ

শ্রেণিকক্ষে শিশুদের সঙ্গে পাঠদান—রায়পুরে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার অন্যতম প্রাচীন ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পাঠদানে সরাসরি অংশ নেন এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক অনানুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তিনি প্রথমে বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। পরে একটি শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসকের কাছ থেকে পাঠ গ্রহণে শিক্ষার্থীরাও আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।

পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিদ্যালয়ের পাঠদানের মান, শিক্ষার্থীদের উপস্থিতি, বালিকাদের নিরাপত্তা, স্বাস্থ্যবিধি, সহ-শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত চাহিদা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, “মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা জানান, জেলা প্রশাসকের এ ধরনের উদ্যোগ শিক্ষকদের মনোবল বাড়ায় এবং শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন