পটুয়াখালীর দুমকিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। কার্যক্রমটি এলডিডিপি প্রকল্পের অর্থায়নে পরিচালিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক শুভেন্দু সরকার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আলাউদ্দিন মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম খান এবং যুবদল নেতা জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রদর্শনীতে দেশীয় গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, ডিমসহ প্রাণিসম্পদ–সংশ্লিষ্ট উদ্ভাবনী প্রযুক্তির একাধিক স্টল স্থান পায়। অংশগ্রহণকারী খামারিরা উৎপাদন, প্রজনন, রোগ প্রতিরোধ ও আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে দিকনির্দেশনা নেন।
আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ ও দেশীয় জাতের উন্নয়নের মাধ্যমে খামারিরা আরও লাভজনক ও টেকসই খামার ব্যবস্থাপনায় এগিয়ে যেতে পারবেন। প্রদর্শনীতে কৃষক, খামারি, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আজকালের কন্ঠ/আর বি