ময়মনসিংহের ফুলপুর উপজেলায় তোলা মেম্বারের বাড়িতে সংঘবদ্ধ চাঁদাবাজদের হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে মোকামিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সক্রিয় ভূমিকার কারণে চাঁদাবাজ চক্রের তিনজনকে আটক করা সম্ভব হলেও পাঁচজন পালিয়ে যায়।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, প্রায় আটজনের একটি চক্র দীর্ঘদিন ধরে তোলা মেম্বারের কাছে চাঁদা দাবি করে আসছিল। গত সাতদিন আগেও তারা ৫০ হাজার টাকা চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতেও একই পরিমাণ টাকা দাবিতে তারা মেম্বারের বাড়িতে যায়।
মেম্বার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চক্রের সদস্যরা তাকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় মেম্বারের চিৎকার ও গোলমাল শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। জনতার উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালানোর চেষ্টা করলে তিনজনকে ধরে ফেলে এলাকাবাসী, আর বাকি পাঁচজন অন্ধকারে পালিয়ে যায়।
আটককৃতদের মধ্যে একজন দিউ গ্রামের এবং দুইজন ধলি এলাকার যুবক বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে পূর্বেও চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।
ঘটনার সংবাদ পেয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে থানা হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাঁদা দাবি ও হামলার চেষ্টার কথা স্বীকার করেছে বলে থানা সূত্র জানিয়েছে।
ওসি জানান, “ঘটনার প্রকৃত চিত্র খতিয়ে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া অপর আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও পুলিশের দ্রুত পদক্ষেপ ও স্থানীয়দের ভূমিকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, এবং মেম্বারের বাড়িটির নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি