Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৬, ২০২৫ , ১১:৫১ পূর্বাহ্ণ

র‌্যাব–১৩, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে পলিথিন কারখানা সিলগালা

লেখকঃ মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও মজুদের অভিযোগে দিনাজপুরে র‌্যাব–১৩, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এতে একটি কারখানাকে জরিমানা, বিপুল পরিমাণ পলিথিন জব্দ এবং দুইটি কারখানাকে সিলগালা করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, সম্প্রতি জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গোপনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও উৎপাদনের তথ্য পাওয়া যায়। তথ্য যাচাই ও অবৈধ কার্যক্রম বন্ধে র‌্যাব–১৩ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এর অংশ হিসেবে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত র‌্যাব–১৩, সিপিসি–১ এর একটি বিশেষ দল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিরামপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা, ৩১৯ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৯২৩ কেজি পিপি গ্র্যানিউল (কাঁচামাল) জব্দ করা হয়। পাশাপাশি অবৈধভাবে পরিচালিত ওই কারখানাটি সিলগালা করা হয়।

একই দিন হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অবস্থিত মেসার্স ভাই ভাই প্লাস্টিক কারখানাতে আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কারখানা পরিচালনার অভিযোগে সেটিও সিলগালা করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গোপনে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুদ ও পরিবেশবিধি লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করে আসছিল।

র‌্যাব–১৩ জানায়, পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন