প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের বিভিন্ন দপ্তরে অযথা হয়রানি বন্ধ করা এবং পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব দপ্তর থেকে সহজ শর্তে দ্রুত লাইসেন্স প্রদান নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১২টায় ময়মনসিংহ প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিকরা নিয়মিত সেবা প্রদান করলেও লাইসেন্স নবায়ন ও ছাড়পত্র সংগ্রহ করতে গিয়ে একাধিক দপ্তরে অযথা জটিলতা ও হয়রানির শিকার হতে হয়। এতে সেবা প্রদান ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যখাতেও নেতিবাচক প্রভাব পড়ে।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের বড় একটি অংশ বেসরকারি স্বাস্থ্যসেবার ওপর নির্ভরশীল। তাই এসব প্রতিষ্ঠানকে সহজ শর্তে, স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রদান করা অত্যন্ত জরুরি। হয়রানির কারণে অনেক প্রতিষ্ঠান পরিচালনা সংকটে পড়ে যাচ্ছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, গ্রামীণ ক্লিনিক মালিক এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমে জড়িত প্রতিনিধিরা।
বক্তারা অবিলম্বে হয়রানি বন্ধ, ওয়ান-স্টপ সার্ভিস চালু এবং সহজ শর্তে লাইসেন্স প্রদানের দাবি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধন শেষে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি