গাইবান্ধা সরকারপাড়ায় রেললাইনের ছোট ব্রীজের সামনে ট্রেনে কাটা পড়ে শাহাজান মিয়া (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর সরকারপাড়া ও চকমানরোজ গ্রামের মৃত কাসেম মিয়ার পুত্র।
মঙ্গলবার সকালে স্থানীয়রা রেললাইনে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করেছে, জমি সংক্রান্ত লেনদেনের টাকা পাওনা নিয়ে একই এলাকার লিওন নামের এক যুবক শাহাজান মিয়ার উপর মানসিক চাপ সৃষ্টি করছিলেন। পরিবারের দাবি—টাকা দিতে দেরি হওয়ায় লিওন তাকে মোটরসাইকেলে করে জহিরের মুদির দোকানে নিয়ে যান। সেখানে শাহাজান মিয়াকে গালিগালাজ করা হয় এবং গালে চড় মারেন বলেও অভিযোগ করেছেন তারা।
পরিবারের সদস্যদের ধারণা, এমন অপমান-অবমাননা সহ্য করতে না পেরে মান-সম্মানের লজ্জায় শাহাজান মিয়া আত্মহত্যার পথ বেছে নেন।
হঠাৎ এ মৃত্যুতে মুহূর্তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়দের মাঝে গভীর শোক ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
নিহতের মরদেহ রেল ওয়ে থানায় পাঠানো হয়েছে এবং ঘটনার সত্যতা তদন্তে পুলিশ কাজ শুরু হবে।
আজকালের কন্ঠ/আর বি