Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৫, ২০২৫ , ১২:৪২ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ফয়েজের লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য উত্তোলন

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে গুলিতে নিহত লক্ষ্মীপুরের রায়পুরের দিনমজুর ফয়েজ আহাম্মদের লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নির্দেশে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ও রায়পুরের সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার উপস্থিতিতে রায়পুরের ঝাউডুগী গ্রামের কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে রাস্তা পারাপারের মুহূর্তে ফয়েজ আহাম্মদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত ফয়েজ চরআবাবিল ইউনিয়নের ঝাউডুগী গ্রামের দিনমজুর মো. আলাউদ্দিনের বড় ছেলে। এ ঘটনায় নিহতের বাবা আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী আবুল বাসার বলেন, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রায়পুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, “আদালতের নির্দেশ মোতাবেক লাশ উত্তোলন ও ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

লাশ উত্তোলন কার্যক্রমে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফয়েজের স্বজনরা বলেন, “আমরা ফয়েজ হত্যার সুষ্ঠু বিচার চাই। যারা এ হত্যাকাণ্ডে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আল্লাহ ফয়েজকে জান্নাতবাসী করুন।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন