পটুয়াখালীর বাউফলে নবনির্মিত আধুনিক পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে বাউফল পাবলিক মাঠসংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ভবনের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমিনুল ইসলাম বলেন, “নবনির্মিত এই লাইব্রেরি বাউফলের শিক্ষা ও সংস্কৃতিচর্চায় নতুন গতি যোগ করবে। পাঠাভ্যাস বাড়াতে লাইব্রেরির বিকল্প নেই।”
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল সরকারি কলেজের শিক্ষার্থী মারজান বিন জাহাঙ্গীর ও আবু জাফর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা সভাপতি মো. লিমন হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ পলাশসহ অন্যান্য বক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আধুনিক সুবিধাসম্পন্ন এই লাইব্রেরি চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে পাঠচর্চা বৃদ্ধি পাবে এবং তরুণ সমাজ আরও বেশি বইমুখী হবে।বাউফলবাসীর প্রত্যাশা—নতুন এই লাইব্রেরি জ্ঞান ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকালের কন্ঠ/ আর এস/এ