দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের ৪১৭ নবীন নাবিকের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে বানৌজা শের–ই–বাংলা প্যারেড গ্রাউন্ডে। সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, এনডিসি, এনএপি, এনএলএম, এনবিএসসি, পিএসসি।
নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। তিনি কুচকাওয়াজের বিভিন্ন পর্ব উপভোগ করেন এবং উচ্চপদস্থ সামরিক–বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধান অতিথি নবীন নাবিকদের উদ্দেশে বলেন, ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শৃঙ্খলা ও পেশাদারিত্বে তাদের সক্ষম করেছে। অন্যদিকে পবিপ্রবি উপাচার্য নৌবাহিনীর আধুনিক প্রশিক্ষণব্যবস্থার প্রশংসা করে প্রযুক্তি, গবেষণা ও সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়–নৌবাহিনী যৌথ সহযোগিতার সম্ভাবনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে কুচকাওয়াজ প্রদর্শনী শেষে কৃতিত্বপূর্ণ নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন নৌবাহিনী প্রধান। পরে পবিপ্রবি উপাচার্য নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেন .উল্লেখ্য, ৫১৫ একর জমিতে প্রতিষ্ঠিত বানৌজা শের–ই–বাংলা দেশের সবচেয়ে বড় নৌঘাঁটি, যেখানে এ পর্যন্ত পাঁচটি ব্যাচ বুটক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন করেছে।
আজকালের কন্ঠ/ আর এস/আর