ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় দায়িত্বশীল কর্মদক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম একাধিক বিশেষ পুরস্কার অর্জন করেছেন।
রবিবার (২৩ নভেম্বর ২০২৫) সকালে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম। পুলিশ সদস্যদের উৎসাহ ও মনোবল বৃদ্ধি করতে প্রতি মাসেই জেলার গুরুত্বপূর্ণ মামলার সাফল্য মূল্যায়ন করা হয়।
ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানা সাম্প্রতিক সময়ে হত্যা মামলার রহস্য উদঘাটন, পুলিশের প্রতিবেদনে দু’জন আসামির মৃত্যুদণ্ডের রায় নিশ্চিতকরণ, মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য মাদক উদ্ধার, চুরি, ছিনতাই ও চাঁদাবাজি দমনে সফল অভিযান পরিচালনা এবং ইভটিজিং প্রতিরোধে ধারাবাহিক তৎপরতা বজায় রেখে আসামি গ্রেফতারে ব্যাপক সফলতা দেখিয়েছে। এই বহুমুখী সাফল্যের স্বীকৃতিস্বরূপ ওসি শিবিরুল ইসলামকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে একাধিক বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সভায় পুলিশ সুপার কাজী আখতার উল আলম ওসি শিবিরুল ইসলামসহ পুরস্কৃত সদস্যদের আরও আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “সততা, নিষ্ঠা ও আন্তরিকতাই পুলিশি সেবার মূলধন। এ অর্জন ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা হয়ে থাকবে।”ওসি শিবিরুল ইসলামের এ অর্জনে জেলা পুলিশের অন্যান্য সদস্যরাও উৎসাহিত ও প্রেরণা পেয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আজকালের কন্ঠ/ আর এস/জে