Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২১, ২০২৫ , ৮:৪৩ অপরাহ্ণ

মুরাদনগরে ট্রাক্টরের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ট্রলি ট্রাক্টরের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন গাজীরহাট সিনেমা হলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন—গাজীপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে মারুফ (২১) এবং মৃত মোখলেছুর রহমানের ছেলে সাইদুল ইসলাম (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা নিষিদ্ধ ট্রলি ট্রাক্টরের নিচে ঢুকে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দু’জনকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে সাইদুলের মৃত্যু হয়। পরদিন শুক্রবার সকালে কুমিল্লার একটি ট্রমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মারুফও।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও ট্রলি ট্রাক্টর কাউকেই আটক করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা সড়কে নিষিদ্ধ ট্রলি ট্রাক্টর চলাচল বন্ধসহ দ্রুতগতির ও অসাবধানী যানবাহনের বিরুদ্ধে কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্রলি ট্রাক্টরটি পালিয়ে যায়। সংশ্লিষ্ট যানবাহন ও চালকদের শনাক্তে অভিযান চলছে। নিহতদের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন