আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (দুমকি-সদর-মির্জাগঞ্জ) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। শনিবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দুমকির মুরাদিয়া ইউনিয়নের এই তরুণ আইনজীবী দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এনসিপির নিবন্ধন সংগ্রহ প্রক্রিয়ায় তিনি কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব দিয়েছেন এবং দলের প্রতীক ‘শাপলা কলি’ বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করা অ্যাডভোকেট মুসা বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত। পাশাপাশি তিনি এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, “পটুয়াখালী-১ আসনের জনগণের উন্নয়ন ও তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করাই আমার মূল লক্ষ্য। দল আমাকে মনোনয়ন দিলে আমি জনগণকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত নির্বাচনী এলাকা গড়তে চাই।”
আজকালের কন্ঠ/আর বি