
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রায়পুরবাসীর দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর–২ (রায়পুর) আসনে ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
তিনি বলেন, “নির্বাচনে ভয়ভীতি বা ধর্মের নামে বিভ্রান্তি তৈরি নয়—মানুষকে সম্মান ও উন্নয়নই আমাদের রাজনীতি। রায়পুর বহু বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। এই অবস্থা বদলাতে হলে জনগণকে সজাগ থাকতে হবে।”
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রায়পুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উত্তর পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতা–কর্মীদের ঢল নামে।
আবুল খায়ের ভূঁইয়া অভিযোগ করে বলেন, “বিগত দিনে প্রকৃত অর্থে ভোটই হয়নি। ফলে তাদের কোনো দায়বদ্ধতাও ছিল না। জনগণের মতামত ছাড়া উন্নয়ন কখনো সম্ভব নয়। আমরা প্রতিশ্রুতি দিই এবং সেই প্রতিশ্রুতিই পালন করি।”
তিনি জানান, বিএনপি সরকারের সময়ে রায়পুর পৌরসভাকে ‘ক’ শ্রেণীতে উন্নীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নয়ন, বাসস্ট্যান্ড নির্মাণসহ নানা অবকাঠামোগত উন্নয়ন তাঁর হাত ধরেই হয়েছে। কিন্তু দীর্ঘদিন কোনো উন্নয়ন না হওয়ায় রাস্তাঘাট ও জনসেবার বর্তমান বেহাল অবস্থায় মানুষের দুর্ভোগ বাড়ছে।
নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, “গণতন্ত্র রক্ষায় তিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন। তাঁর সালাম ও বার্তা প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম খোকন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরীর হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন, াপৌর বিএনপি সভাপতি এবিএম জিলানী, নিউ মার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রধান বক্তা আনোয়ার হোসেন টিপু, উপজেলা বিএনপি সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, জেলা বিএনপি সদস্য আব্দুল জাহের মিজি, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, ডা. নুরে আলম মুকুল, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন মিজি, মহিলা দলের সভাপতি নাছিমা সানোয়ার, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট আকবর হোসেন আরমান, ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা ধানের শীষে ভোট দিয়ে রায়পুরের উন্নয়ন পুনরুদ্ধারে আবুল খায়ের ভূঁইয়াকে বিজয়ী করার আহ্বান জানান।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :