ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা ভূমি সেবা সহজীকরণ, সেবাগ্রহীতাদের প্রতি দ্রুত ও মানসম্মত সেবা প্রদান, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে জেলায় ২য় স্থান অর্জন করেছেন।
জানা গেছে, ভূমি সেবায় জনগণের ভোগান্তি কমানো, অনলাইন ভূমি সেবা কার্যক্রমকে গতিশীল করা, নামজারি ও খাজনা সংক্রান্ত সেবা দ্রুততম সময়ে সম্পন্ন করা এবং ভূমি অফিসকে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরে তিনি বিশেষ ভূমিকা রেখে আসছেন। নিয়মিত মাঠপর্যায়ে মনিটরিং, অভিযোগ নিষ্পত্তি ও সেবার মান উন্নয়নে তাঁর উদ্যোগ শহর ও গ্রামের মানুষের আস্থা বৃদ্ধি করেছে।
এসি-ল্যান্ড সৈয়দা তামান্না হুরায়রা বলেন, “ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করছি। এই অর্জন জনসেবার প্রতি আমার অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।”
সংশ্লিষ্টরা জানান, ভূমি ব্যবস্থাপনায় উদ্ভাবনী কার্যক্রম গ্রহণ, সেবা দ্রুত প্রদান এবং দুর্নীতি-অনিয়ম রোধে তাঁর কঠোর মনোভাব তাঁকে জেলার অন্যতম সফল কর্মকর্তা হিসেবে তুলে ধরেছে।
জেলার সর্বস্তরের জনগণ তাঁর এই অর্জনে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও উন্নত ভূমি সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেছেন।