বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফরম ফিলাপের বর্ধিত ফি পুনর্বিবেচনা ও প্রত্যাহারের দাবিতে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় অধ্যক্ষের কাছে আবেদনপত্র জমা দেন। পরে আবেদনটি বোর্ড চেয়ারম্যানের কাছে পাঠানোর অনুরোধ জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, বোর্ড সম্প্রতি কোনো পূর্বঘোষণা ছাড়াই ফরম ফিলাপের বিভিন্ন খাতে অস্বাভাবিকভাবে ফি বৃদ্ধি করেছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর তীব্র আর্থিক চাপ তৈরি হয়েছে। অনেকেই বর্ধিত ফি পরিশোধ করতে না পেরে ফরম ফিলাপ করতে সংকটে পড়ছেন।
শিক্ষার্থীরা আরো বলেন, কারিগরি শিক্ষা দেশের দক্ষ মানবসম্পদ গঠনের ভিত্তি। অথচ ফরম ফিলাপ ফি–এর এই অযৌক্তিক বৃদ্ধি শিক্ষাজীবনকে ক্ষতিগ্রস্ত করছে। তারা বর্ধিত ফি বাতিল করে পূর্বের ফি কাঠামো পুনর্বহালের দাবি জানান।নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষে মোট ১৬ জন শিক্ষার্থী আবেদনপত্রে স্বাক্ষর করেন।
আজকালের কন্ঠ/আর এস/এ