কর্মদক্ষতা, স্বচ্ছতা ও প্রশাসনিক নেতৃত্বের উৎকৃষ্ট উদাহরণ স্থাপন করে ময়মনসিংহ জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সাদিয়া ইসলাম সীমা। তাঁর এ অর্জন জেলা প্রশাসনের মাসিক মূল্যায়ন সভায় ঘোষণা করা হয়।
প্রশাসনিক কর্মকৌশল, জনসেবা, উপজেলা পর্যায়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি তদারকি, ডিজিটাল সেবা প্রদান এবং জনবান্ধব কার্যক্রম পরিচালনায় বিশেষ ভূমিকা রাখায় তিনি এ সম্মান অর্জন করেন।
ফুলপুরে দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও সাদিয়া ইসলাম সীমা বিভিন্ন সমস্যা শনাক্ত করে দ্রুত সমাধান, মাঠপর্যায়ে নিয়মিত উপস্থিতি, দুর্নীতিবিরোধী অবস্থান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে ফুলপুর উপজেলা প্রশাসন শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, একজন দায়িত্বশীল ও কর্মঠ প্রশাসক হিসেবে ইউএনও সাদিয়া ইসলাম সীমার এ সাফল্য ময়মনসিংহ জেলা প্রশাসনের জন্য গর্বের বিষয়। অন্যদিকে সাধারণ মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিরাও তাঁর এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন।স্থানীয়দের ভাষ্য, তাঁর মতো যোগ্য, সৎ ও মানবিক একজন প্রশাসক ফুলপুরের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবে।
আজকালের কন্ঠ/আর এস/জে