লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের জেরে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জহির ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকার সড়কের ওপর দুর্বৃত্তরা জহিরের পথরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহের পাশে গুলির খোসাও উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের বরাতে জানা গেছে, একসময় তিনি মাদক ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও সাম্প্রতিক সময়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পুরোনো বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। এটি পরিকল্পিত হত্যা বলে মনে হচ্ছে। তবে কারা এবং কী কারণে ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের আগে বলা যাচ্ছে না।”
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।