ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে ময়মনসিংহ সিটি করপোরেশন বিশেষ মশারি বিতরণ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে শহরের নওমহল হরিজন পল্লীতে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মোখতার আহমেদ বলেন, “ডেঙ্গু এখন একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। এ সময়ে দরিদ্র মানুষের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার। সিটি করপোরেশন জনস্বাস্থ্যের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে সবসময় কাজ করছে।”
উদ্বোধনের পর হরিজন পল্লীর ৪ শত পরিবারকে ৪ শত মশারি বিতরণ করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা, জমে থাকা পানি অপসারণ এবং সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে সিটি করপোরেশন জানায়।
এসময় আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, স্যানিটারি ইন্সপেক্টর দীপক কুমার মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে শহরের বিভিন্ন ওয়ার্ডে আরও মশারি বিতরণ, ফগার মেশিনে মশা নিধন কার্যক্রম এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচারণা অব্যাহত থাকবে।