গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে এক গৃহবধূর মরদেহ এবং গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ রহিমা (৩৫)। আহত অবস্থায় উদ্ধার হওয়া তার স্বামী এমরান হোসেন (৪০) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের সুরুজ আলী ও সুলেহা খাতুনের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে ফ্ল্যাটের মেঝেতে স্বামী–স্ত্রীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রহিমাকে মৃত অবস্থায় এবং এমরানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, “মরদেহ উদ্ধারের কিছুক্ষণ পর তল্লাশি চালিয়ে স্বামী এমরান হোসেনের পালস পাওয়া যায়। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রহিমার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, নিহতের মেয়ে শারমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
আজকালের কন্ঠ/আর এস/আর