Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৪, ২০২৫ , ৩:৫১ অপরাহ্ণ

রচনা নয়, এবার ‘দিদি’দের সামলাবেন মীর!

লেখকঃ বিনোদন ডেস্ক

ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন শো ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনায় আচমকা পরিবর্তন আনা হয়েছে। এতদিন ধরে এই শোয়ের উপস্থাপনার দায়িত্বে থাকা অভিনেত্রী রচনা ব্যানার্জির পরিবর্তে এবার অনুষ্ঠানটি সঞ্চালনা করতে দেখা যাবে পশ্চিমবঙ্গের আরেক পরিচিত মুখ, রেডিও জকি ও উপস্থাপক মীর আফসার আলীকে।

জি বাংলার এই রিয়্যালিটি শো-এর নতুন প্রোমো প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে এই পরিবর্তন নিয়ে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে এই শোয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকা রচনা ব্যানার্জির বদলে মীরকে শোতে উপস্থাপক হিসেবে দেখে দর্শকরা বেশ অবাক হয়েছেন।

এই অনুষ্ঠানটির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিবর্তন সাময়িক। জি বাংলার ফ্লোর ডিরেক্টর রাজীব ব্যানার্জি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, অনুষ্ঠানের কর্তৃপক্ষ ও রচনার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মীর তাদের পরিচিত ও দীর্ঘদিনের সহযোগী হওয়ায় তাকেই সাময়িক সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রথমিক পর্যায়ে তিন পর্বের জন্য মীর উপস্থাপকের ভূমিকায় থাকবেন। এরপর রচনা ব্যানার্জি আবার ফিরে আসবেন। নির্ভরযোগ্য সূত্রমতে, অভিনেত্রী ব্যক্তিগত কারণে (সম্ভাব্য বিদেশ ভ্রমণ) ছুটিতে থাকায় এই স্বল্পমেয়াদি রদবদল আনা হয়েছে। কর্তৃপক্ষ ভক্তদের আশ্বস্ত করেছে যে, এই পরিবর্তন স্থায়ী নয় এবং খুব দ্রুতই দর্শকরা রচনাকে নতুন পর্বে দেখতে পাবেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন