Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৩, ২০২৫ , ৬:৫১ অপরাহ্ণ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্দ্বীপের সাবেক এমপি মোস্তফা কামাল পাশার সমর্থনে প্রতিবাদ সভা

লেখকঃ মো: এমদাদ হোসেন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশার সমর্থনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সন্দ্বীপ পৌরসভা মার্কেটে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির যুগ্ম জাকির হোসেন বিপুল। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর। পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শিমুল ও নাজিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুঁম খান এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “দেশজুড়ে আওয়ামী লীগ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। এজন্য সকল নেতাকর্মীদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।” তাঁরা আরও বলেন, “১৯৯৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মোস্তফা কামাল পাশার হাতে ধানের শীষ তুলে দেওয়ার পর থেকে তিনি পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এমনকি ২০০৮ সালের কঠিন সময়েও বাংলাদেশের মাত্র ২৯ জন বিজয়ী বিএনপি প্রার্থীর একজন ছিলেন তিনি।”

বক্তারা দাবি করেন, “সন্দ্বীপে বিএনপির শক্ত ঘাঁটি গড়ে তোলা এই জননেতাকে পাশ কাটিয়ে যদি অন্য কাউকে বা জোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, তবে তা বিএনপির জন্য রাজনৈতিকভাবে ক্ষতির কারণ হবে। মোস্তফা কামাল পাশাকে উপেক্ষা করে মনোনয়ন দিলে এই আসন হাতছাড়া হওয়া নিশ্চিত।তাই সন্দ্বীপের জনগণ ও দলের বৃহত্তর স্বার্থে সাবেক এম.পি মোস্তফা কামাল পাশাকে দ্রুত দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য জোর দাবী জানিয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন