Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৩, ২০২৫ , ৫:১৩ অপরাহ্ণ

দেবিদ্বারে সড়কে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কঠোর তল্লাশি অভিযান

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি :

সারাদেশে আওয়ামী লীগের “লকডাউন কর্মসূচি”কে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি চলছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা দেবিদ্বারে অরাজকতা ঠেকানো ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশে পরিচালিত হচ্ছে ব্যাপক তল্লাশি অভিযান।

বৃহস্পতিবার সকাল থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মোহাম্মদ শাহিনের নেতৃত্বে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হয়। অভিযানের সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই, চালক ও যাত্রীদের পরিচয় নিশ্চিতকরণ এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।

মহাসড়কে চলাচলরত মোটরসাইকেল, ট্রাক, বাসসহ সব ধরনের যানবাহনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক দৃষ্টি রাখছেন।সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন বলেন,সড়কে অরাজকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এ অভিযান পরিচালিত হচ্ছে। জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলবে।”

তিনি আরও জানান, আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সাধারণ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরনের তল্লাশি অভিযান সড়ক দুর্ঘটনা হ্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্প্রতি সড়কে অনিয়ম ও বেপরোয়া যান চলাচল ঠেকাতে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে মহাসড়কের বিভিন্ন স্থানে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর এস/এস

প্রিন্ট করুন