বাকেরগঞ্জ পৌরসভার ভিতর দিয়ে প্রবাহিত শ্রীমন্ত নদী অবৈধ দখলদারদের কালো ছোবলে বর্তমানে নাব্যতা সংকটে পড়েছে। প্রতিনিয়ত আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে নদীটির দুই পাশের জমি।
বর্তমানে এটি আর এখন নদী বলে কেউ পরিচয় দেয় না, শুকনো মৌসুমে এটাকে একটি মরা খালের মত দেখায়। একসময়ের বহমান প্রবাহিত এই নদীটি দিয়ে যাত্রীবাহী নৌযান সহ পন্য সামগ্রী বহনকারী নৌকা চলত।
অবৈধ দখলবাজদের হাত থেকে খাল দখল মুক্ত করতে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ না নেওয়ার ফলে প্রতিনিয়ত এই শ্রীমন্ত নদীটি দখলবাজদের কালো ছোবলে গ্রাস হয়ে যাচ্ছে।
বাকেরগঞ্জ ফাজিল মাদ্রাসা সংলগ্ন তুলাতলী নদী থেকে এই শ্রীমন্ত নদীর উৎপত্তি স্হল এবং অপর প্রান্ত উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের কানকী হয়ে পায়রা নদীতে মিলিত হয়েছে।
এই নদীকে কেন্দ্র করে এক সময় উপজেলার কালিগঞ্জ, শিবপুর, বাকেরগঞ্জ বন্দর, কলস কাঠি ও বোয়ালিয়া বাজারে পন্যবাহী নৌ যান চলাচল করতো। কিন্তু বর্তমানে দুই তীর অবৈধ দখল বাজদের দখলে চলে যাওয়ায় নাব্যতা সংকটে পড়েছে।
উপজেলা স্হানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর একবার একটি প্রকল্পের মাধ্যমে ৪৮ লক্ষ টাকা ব্যয়ে ৪.৪৮ মিটার খনন করে ছিল। এর ফলে কিছুদিন পানি প্রবাহ স্বাভাবিক ছিল। কিন্তু অবৈধভাবে দুই তীর দখল করার ফলে পুরোপুরি নাব্যতা ফিরে পায় নাই এই নদীটি।
পানি উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত এই নদীটি বাকেরগঞ্জে তুলাতুলির নদীর থেকে উৎপত্তি হয় দীর্ঘ ২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পায়রা নদীতে গিয়ে মিশেছে।
প্রশাসনের নাকের ডগায় বাকেরগঞ্জ পৌরসভার প্রাণ কেন্দ্রে বহমান এই নদীটি অনেক আগে থেকেই দখলবাজদের দখলের কবলে পড়েছে।
স্থানীয় সুশীল সমাজের দাবি দখলবাজদের কাছ থেকে দখলমুক্ত করা না হলে বাকেরগঞ্জ পৌরসভার প্রাণ কেন্দ্রের বহমান গুরুত্বপূর্ণ এই শ্রীমন্ত নদীটি এক সময় অস্তিত্ব সংকটে পড়বে।
আজকালের কন্ঠ/আর বি