Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৫ , ১১:১৮ অপরাহ্ণ

রায়পুরে বিএনপির গণজোয়ার: ধানের শীষের স্লোগানে মুখরিত শহর

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে আয়োজিত বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌর এলাকা।

বিকেলে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতা-কর্মীরা হাতে ধানের শীষের প্রতীক নিয়ে মিছিলে অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে দল ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, “দেশে পরিবর্তনের সময় এসেছে। রায়পুরের মানুষ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়াবে— ইনশাআল্লাহ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা মাঠে আছি, থাকব শেষ মুহূর্ত পর্যন্ত।”

তিনি আরও বলেন, “এই মাটির মানুষই আমাদের শক্তি। কোনো দমননীতি বা ভয়-ভীতি আমাদের থামাতে পারবে না।”

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান বলেন, “রায়পুরে আজ যে জনসমাগম দেখা গেল, তা স্পষ্ট করে— জনগণ পরিবর্তন চায়। ভোটের দিন ধানের শীষের পক্ষেই রায় দেবে জনগণ।”

এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, মাইন উদ্দিন রিয়াজ, আনোয়ার হোসেন টিপু, উপজেলা বিএনপি সভাপতি নাজমুল আলম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপি সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন ও যুবদল নেতা আকবর হোসেন আরমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন