সার্বিক নিরাপত্তা ও জনসেবায় সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের।ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জননিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় গৃহীত পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র্যাব ও বিজিবির প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলা প্রশাসক বলেন, “জনস্বার্থে প্রশাসনের প্রতিটি শাখার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করতে হবে। জেলার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, শীতকালীন মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার জন্য সরকারি দপ্তরগুলোর কার্যক্রম জোরদার করতে হবে।সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাম্প্রতিক অভিযান, অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা জেলার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আজকালের কন্ঠ/আর এস/জে