Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৫ , ৬:০৪ অপরাহ্ণ

খেলার মাঠে ঐক্যের বার্তা: “সামাজিক প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ” — হাসনাত আব্দুল্লাহ

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাজনীতি ও দল-মতের ঊর্ধ্বে খেলাধুলা হচ্ছে ঐক্যের অন্যতম বড় সুযোগ।তিনি বলেন, “ভোট বা রাজনীতিতে মতভিন্নতা থাকলেও সামাজিক ও স্থানীয় প্রশ্নে, বিশেষ করে গ্রাম ও ইউনিয়নের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই শহীদদের স্মরণে বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হুন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “আমরা প্রতিনিয়ত খেলাধুলার সঙ্গে জড়িত থাকি। রাজনীতির ঊর্ধ্বে আমাদের এক হওয়ার সুযোগ আছে—তা হলো খেলাধুলা। এখানে বিভিন্ন মত ও দলের মানুষ অংশ নিচ্ছে, কিন্তু খেলাধুলার মাধ্যমে আমরা সবাই এক হতে পারি—এটাই আমাদের বড় সাফল্য।”

তিনি আরও যোগ করেন, “ভোটের সময় যে যার পছন্দমতো ভোট দেবে, রাজনীতি করবে নিজের ইচ্ছামতো, কিন্তু সামাজিক উপলক্ষ্যে—বিশেষ করে গ্রামের ও ইউনিয়নের প্রশ্নে—আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, ইনশাআল্লাহ।”

এদিকে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাখননগর দল চমৎকার প্রদর্শনী দেখিয়ে জয়পুরকে ২–১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে উভয় দলই দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে, তবে শেষ পর্যন্ত বাখননগর তাদের দলীয় সমন্বয় ও দক্ষতার জোরে জয় নিশ্চিত করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রী স্টার পাতাবার গ্রুপের এমডি হোসাইন মজুমদার, রয়েল কোচ বাসের মালিক সাইফুল ইসলাম খান, এবং উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম।

 

আজকালের কন্ঠ/আর এস/এস

প্রিন্ট করুন