নাশকতা মামলায় নেত্রকোণা জেলা কৃষকলীগের সদস্য ও মোহনগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল হুদা লিটনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে শনিবার দিবাগত রাতে মোহনগঞ্জ পৌরশহরের কাজিহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল বের করেন। এসময় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে ওই মিছিলে হামলা চালানো হয়।
পরে রেলস্টেশনের কাছে থাকা পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালান অর্ধশত ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী। এসময় বিএনপি নেতা নিজের ঘরের ভেতর অবস্থান করছিলেন। হামলাকারীরা রামদা-চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওই বিএনপি নেতার ঘরের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত করে এবং ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
তবে ভেতরে ঢুকতে না পেরে তারা এক পর্যায়ে চলে যান। এ ঘটনায় সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় নাজমুল হুদাকে গ্রেপ্তার করা হয়।ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘নাশকতা মামলায় গ্রেপ্তার নাজমুল হুদা লিটনকে আদালতে পাঠানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর এস/এস