Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৫ , ১২:৫৪ পূর্বাহ্ণ

“জামায়াতের মুনাফেকি থেকে সতর্ক থাকুন”: কায়কোবাদ

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, “জামায়াতে ইসলামী এখন আবোলতাবোল কথা বলে। তারা মানুষের মন গলাতে নানা কথা বলবে। তাদের মুনাফেকি থেকে সাবধান থাকবেন।”

শনিবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কায়কোবাদ বলেন, “১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে দেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। অথচ আজ সেই জামায়াত বিএনপিকে নিয়ে উদ্ভট কথা বলছে, কটাক্ষ করছে। তারা বিএনপির সঙ্গে মুনাফেকি করতে পারে না।”

তিনি আরও বলেন, “২০০১ সালে বেগম খালেদা জিয়া জামায়াতকে ১৮টি আসনের ব্যবস্থা করে দিয়েছিলেন। এমনকি দুইজনকে মন্ত্রিত্বও দিয়েছিলেন। তারা মন্ত্রণালয়ে বসে নিজেদের দল সংগঠিত করেছিল। অথচ আজ তারাই বিএনপির সমালোচনা করছে।”

টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রসঙ্গ তুলে কায়কোবাদ বলেন, “মুরাদনগরের চারজনের ঘর উড়ে গিয়েছিল। সবাইকে আমরা সাহায্য দিয়েছিলাম, টাকা দিইনি। কিন্তু শুনলাম জামায়াত তাদের একজনকে ১০ হাজার টাকা দিয়েছে কারন সে জামাত করে।বাকিরা জামাত করেনা বিধায় তাদেরকে টাকা দেয়নি। বাকিরা কি মুসলিম নয়?বাকিরা কি ক্ষতিগ্রস্ত নয়?”

বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তিনি বলেন, “তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জুলুম ও নির্যাতনের শিকার নেতা। তবুও তিনি প্রতিহিংসা নয়, জনগণের উন্নয়ন ও দেশের অগ্রগতির রাজনীতি করেন। তিনি দেশে ফিরে আসবেন, মুরাদনগরের মানুষ তাকে বরণ করে নেবে।”

সভায় সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জন।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার প্রমুখ।

স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, কায়কোবাদের এই বক্তব্য বিএনপির সাংগঠনিক তৎপরতাকে আরও বেগবান করবে এবং কুমিল্লা অঞ্চলের নির্বাচনী মাঠে নতুন প্রাণ সঞ্চার করবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন