Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৮, ২০২৫ , ৪:৩৪ অপরাহ্ণ

পানির সোর্স না থাকায় টঙ্গীর গুদাম আগুন নেভাতে বিলম্ব: ফায়ার সার্ভিস

লেখকঃ মোঃ রোকনুজ্জামান, গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ গুদাম থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হয়।

খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোগড়া বাইপাস ফায়ার স্টেশন থেকে আরও দুটি এবং উত্তরা স্টেশন থেকে তিনটি ইউনিট যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ঘটনাস্থলে পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে।”

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন