Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৬, ২০২৫ , ১:৫০ অপরাহ্ণ

আমার বিরুদ্ধে আনীত অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন : বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম

লেখকঃ কাজী ইমরানঃ নড়াইল প্রতিনিধি

“বিএনপির মুখোশে আওয়ামী দোষর! নড়াইলের বিশ্বাস জাহাঙ্গীর আলমের ভয়ংকর রাজনীতি” শিরোনামে অনলাইন গণমাধ্যম ফেস দ্যা পিপলে মঙ্গলবার রাতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রতিবেদনকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।

বিবৃতিতে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে “বিএনপির মুখোশে আওয়ামী দোষর! নড়াইলের বিশ্বাস জাহাঙ্গীর আলমের ভয়ংকর রাজনীতি” শিরোনামে ফেস দ্যা পিপলে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনে আমার সম্পর্কে বিভিন্ন ব্যক্তির ঘনিষ্ঠতার তথ্য উল্লেখ করা হয়েছে, কিন্তু এ মর্মে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

শুধু তাই নয়, প্রতিবেদনটিতে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে, কিন্তু এসব অভিযোগের স্বপক্ষে কোনো দালিলিক প্রমাণ প্রতিবেদনটিতে উপস্থাপন করা হয়নি। প্রতিবেদনে কেবল আমার প্রতিপক্ষ কিছু ব্যক্তি বা গোষ্ঠীর একতরফা বক্তব্য প্রচার করা হয়েছে। এমনকি সাংবাদিকতার নীতি অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির মন্তব্য নিউজে উল্লেখ করার নিয়ম থাকলেও এ নিয়ম সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে প্রতিবেদনটিতে। যা পেশাগত সাংবাদিকতার নীতিমালা ও ন্যূনতম নৈতিক মানদণ্ডের পরিপন্থী।

আমি দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদীদের দ্বারা জেল-জুলুমের শিকার। আমার নামে আওয়ামী লীগ সরকার নাশকতার ২৩ টি মামলা দিয়েছে এবং দুইবার জেল খাটিয়েছে। তবুও আমি আমার আদর্শ ত্যাগ করিনি।

মূলত ফেস দ্যা পিপলের প্রতিবেদনে আমার সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। আমার প্রতিপক্ষ কিছু ব্যক্তি ও গোষ্ঠী আমার চরিত্র হননের জন্য অর্থের বিনিময়ে এমন সংবাদ প্রকাশ করেছে বলে আমি মনে করি। আমার এলাকাতে খোঁজ নিলে বোঝা যাবে উক্ত প্রতিবেদনে প্রকাশিত তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

এই ধরনের সংবাদ আমাদের ব্যক্তিগত ও দলীয় সুনামকে ক্ষুণ্ণ করেছে এবং সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে। অবিলম্বে ফেস দ্যা পিপল ক্ষমা চেয়ে প্রতিবেদনটি প্রত্যাহার না করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আমার বিরুদ্ধে করা প্রতিবেদনে আমার মন্তব্য নেয়া হয়নি, অভিযোগের কোনো দালিলিক প্রমাণও উপস্থাপন করা হয়নি। শুধু অভিযোগকারীদের একপাক্ষিক বক্তব্য নিয়ে তা প্রচার করা হয়েছে। অভিযোগগুলো সত্য প্রমাণ করে এমন ন্যূনতম প্রমাণ প্রতিবেদনে নেই। মূলত আমাকে অপছন্দ করে, এমন কিছু লোক ষড়যন্ত্রমূলকভাবে এগুলো করাচ্ছে।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের ধন্যবাদ। মানুষের জন্য কাজ না করেও আপনারা কেউ কেউ দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাতে ব্যর্থ হয়ে নিজের দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধেই নোংরা খেলায় নেমেছেন। আরও ষড়যন্ত্র করার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। দেখি আপনাদের ষড়যন্ত্র জেতে নাকি নড়াইলের মানুষ জেতে।

 

আজকালের কন্ঠ/আর এস/কে ইম

প্রিন্ট করুন