Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৫, ২০২৫ , ৮:২৪ অপরাহ্ণ

কাহারোলে ঐতিহাসিক শ্রী শ্রী রুক্মিণী কান্তজীউ রাস উৎসবের শুভ উদ্বোধন

লেখকঃ দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রী শ্রী রুক্মিণী কান্তজীউ মন্দিরে আজ, বুধবার ৫ নভেম্বর ২০২৫ বিকেলে এক মাসব্যাপী ঐতিহাসিক কান্তজীউ রাস উৎসব মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, যিনি আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা ঘোষণা করেন।

উদ্বোধনীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম, কাহারোল-বোচাগঞ্জ এএসপি (সার্কেল) মোঃ মনিরুজ্জামান, কাহারোল উপজেলা সহকারী (ভূমি) কমিশনার প্রবীর কুমার বিশ্বাস, দিনাজপুর-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুমার কুন্ডু, জেলা জামায়াত কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম, রাজদেবত্বর ষ্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্বরুপ কুমার বক্সি, কাহারোল-বীরগঞ্জ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান, এবং জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উত্তম কুমার রায়।

উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, “কান্তজীউ রাস উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক। এই উৎসব কেবল পূজা নয়, বরং আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে জীবন্ত রাখার এক অনন্য প্রয়াস।”

উৎসবে অংশগ্রহণকারীরা জানান, প্রতি বছর মেলার মাধ্যমে কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানই নয়, স্থানীয় অর্থনীতি, সামাজিক মিলন ও সাংস্কৃতিক চর্চা শক্তিশালী হয়।

মেলায় থাকবে পূজা-অর্চনা, কীর্তন, নৃত্য, স্থানীয় শিল্পকর্ম, হস্তশিল্প ও পিঠাপুলি। শিশু ও কিশোরদের জন্য রয়েছে নাগরদোলা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণ রঙিন আলোকসজ্জায় ঝলমল করবে।

ঐতিহাসিক সূত্রে জানা যায়, এই রাস উৎসব শুরু করেছিলেন রাজা প্রাণনাথ রায়, এবং প্রায় ২৭৪ বছর ধরে এটি ধারাবাহিকভাবে পালিত হয়ে আসছে। কান্তজীর মন্দির ও এই উৎসব কাহারোলের ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক ঐক্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার শুরুতে উপস্থিত অতিথিরা সকলকে উৎসবকে নিরাপদ, শান্তিপূর্ণ ও ঐতিহ্যবাহীভাবে উদযাপনের আহ্বান জানান।]

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন