আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।
সোমবার (৩ নভেম্বর ২০২৫) দলীয় মনোনয়ন ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন,“দলের সর্বোচ্চ নেতৃত্ব আমার প্রতি যে আস্থা রেখেছেন, তার জন্য আমি গভীর কৃতজ্ঞ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”
তিনি আরও বলেন, “আত্রাই-রাণীনগরের নেতাকর্মীদের ভালোবাসা ও পরিশ্রম আমার শক্তি। এখন সময় ঐক্যবদ্ধভাবে কাজ করার। জনগণের আস্থা অর্জন করে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে চাই।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে রেজু বলেন,“প্রতিটি ইউনিয়নে আধুনিক শিক্ষাব্যবস্থা ও কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি, গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়ন, অবকাঠামো সংস্কার, কৃষিক্ষেতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”
মনোনয়ন ঘোষণায় তৃণমূলে উচ্ছ্বাস দেখা দিয়েছে।আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বলেন, “রেজু ভাই একজন ত্যাগী ও জনপ্রিয় নেতা। তার নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত।”
রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন,“হাইকমান্ডের সঠিক সিদ্ধান্তে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। রেজু ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব।
আজকালের কন্ঠ/আর এস/এফ এ