Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৪, ২০২৫ , ২:১১ অপরাহ্ণ

বাংলাদেশ পেল আয়ারল্যান্ড সিরিজে নতুন ব্যাটিং কোচ

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

আশরাফুলের ব্যাটিং কোচ হিসেবে যোগদানের বিষয়ে রাজ্জাক বলেন, আশরাফুলের অভিজ্ঞতা এবং কোচিং লেভেল-থ্রি কোর্সের দক্ষতা আমাদের খেলোয়াড়দের জন্য মূল্যবান। তিনি প্রিমিয়ার লিগ ও বিপিএলে কোচিং করছেন, এবং তার অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন।

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব সাময়িকভাবে নিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আগামী আয়ারল্যান্ড সিরিজে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন তিনি। তবে এটি পূর্ণকালীন দায়িত্ব নয়, শুধুমাত্র নির্দিষ্ট সিরিজের জন্যই এই নিয়োগ করা হয়েছে।

বিসিবির বোর্ড সভার পর ঘোষণা করা হয়, জাতীয় দলের সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক আয়ারল্যান্ড সিরিজে টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন। রাজ্জাক জানিয়েছেন, এটি শুধু নির্দিষ্ট সিরিজের জন্য এবং ভবিষ্যতে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

এর আগে দীর্ঘদিন ধরে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ শূন্য ছিল। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনই ব্যাটিং বিষয়ক দায়িত্ব সামলাচ্ছিলেন। সম্প্রতি ব্যাটারদের পারফরম্যান্সের অবনমনের প্রেক্ষাপটে বিষয়টি আবারও আলোচনায় আসে। বিদেশি কোচ নিয়োগের বিষয়েও গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত আপদকালীন দায়িত্বে আশরাফুলকেই নেয়া হলো।

মোহাম্মদ আশরাফুলের কোচিং অভিজ্ঞতার মধ্যে রয়েছে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচের দায়িত্ব, গ্লোবাল সুপার লিগ জয়ের অভিজ্ঞতা, এবং সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন।

 

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন